Thursday, February 19, 2026

পলিটিক্যাল কারেক্টনেস


অনন্ত বসন্তের ইয়ারুশলম, তবু
দ্রাক্ষালতা সারাবছরই বাড়ে না
যখন বাড়ে, তখন হয়ত শুকিয়েছে
কাঞ্চনের ফুল আমার পাহাড়ে
ইঁদুরের দল বাঁশফুলের খোঁজে
তিব্বত হয়ে রওয়ানা ইউক্রেনের পথে
আরও খোঁজো, পাবে বলিভিয়া
ভেনেজুয়েলা, হাইতি-কোস্টারিকা
অনন্ত পথ, অনন্ত কাল, কত কাল
ধরে আমি মজলুমের পরিচয়ে খুঁজি
জালিমের ইতিহাস, নিরপেক্ষ নীহারিকা
জাতহীন নেবুলার খোঁজে খোঁজে
অন্তরীক্ষে গিয়ে এসেছি ফিরে
করোটির খোপে আর্দ্রতা ও বাস্তবতার 
খাতিরে।

The Hope of a Condemned Man is a series of three paintings by Joan Miró

Saturday, January 03, 2026

দণ্ডকারণ‍্য


ধনপতির প্রজাকুলে যুদ্ধে 

পরাজিত নমশূদ্র চাড়াল মিয়া

নির্বাসনে গিয়া বানাইল রাষ্ট্র

দ্বিজভাষা জানা নাই বলে 

নাই সংবিধান

জুরাথ্রুষ্ট্র কহিলেন তাহে 

আগুন হইলো আইন 

উদ্বৃত্ত ক্ষুধার মোহে 

ছুটিছে পঙ্গপাল আসিতেছে ক্ষুধা 

সারা দেশে এক যোগে 

চলিবে ম্যাটিনি শো এক টিকিটে 

ভেদাভেদ ঘুচাইবে এক ও অদ্বিতীয় 

জাতীয়তাবাদী প্লাবন 

নাচিতে নাচিতে জোড়া দিবে ভাঙাসেতু 

নায়ে জুটিবে কালকেতু ও শিবাণী 

জমিবে  বৎসরান্তের শ্রাদ্ধ ও পার্বণের মেলা 

মিলিবে প্রকল্পের পয়ার।   


Sunday, March 30, 2025

উত্তর আধুনিক ত্রাণ



এই মাস পাঁচেক
শামুকের জীবন প্রণালী গভীর ভাবে অনুসরণ করার পরও দেখছি কেউ জেতে নি
ঝিনাই-যমুনার কূল উপচে আসছে নুহ এর প্লাবন।

কোথাও কোনো কুটোর দেখাও নেই

পাঁচ কিলো হেটে অথবা
পাউবোর ভেসে যাওয়া বাঁধ সাঁতরে
যেতে পারলে পাওয়া যাবে
ভাত এর এডভেঞ্চার।

মরিচ বাতির সারি জ্বলবে
ত্রাণকর্তা আসবেন
চেয়ারে বসে শোনাবেন
রহস্য-রোমাঞ্চের কবিতা।

কোথাও কোনো অশ্রু জলও নেই

সবাইকে আবারো অবাক করতে গিয়ে
কর্তা নিজেই অবাক হয়ে দেখাবেন

পাথর যা জানে / রবার্ট ডানা

 আগুণ বললো

"মাংস। মাংস।"

জল বললো
"চুল।"

বাতাস বললো
গম ক্ষেতের দুয়েকটা পালকের কথা।

মাটি বললো
"ঘাম।"

ভেসে যাওয়া মেঘের ছায়ায় ঝলমল করে ওঠে
সুশোভিত ঘাস।

আমি আমার সন্তানকে বললাম
"যা কিছু তোমার
তাতে নিজের নাম লিখো।"

জায়ন পর্বতে ছাগলের খোঁজে এক আরব রাখাল

 

Yehuda Amichai ইয়েহুদা আমিচাই

জায়ন পর্বতে ছাগলের খোঁজে এক আরব রাখাল
ঠিক তার বিপরীত পাহাড়ে
আমি খুঁজি আমার ছোট্ট শিশুটিকে
একজন আরব রাখাল আর এক ইহুদী পিতা
দুজনের সাময়িক ব্যর্থতার বিরতিতে
দুজনের মধ্যকার উপত্যকায়
সুলতানের জলাশয়ের উপরে
দুজনের আর্তনাদ মিলেছে কোথাও গিয়ে
আমরা কেউই শিশুটিকে বা ছাগল ছানাটিকে
ফিরে পেতে চাই না
ধরা পড়ে "হাদ গাদয়া"র চক্রে।

কিছুক্ষণ পর শিশু আর ছাগল ছানা
খুঁজে পেলাম ঝোপের মাঝে
আমাদের আর্তনাদ আমাদেরই মাঝে ফিরে এলো
হাসি আর কান্না হয়ে।

এই সব পাহাড়ে ছাগল বা শিশুকে খুঁজতে গিয়েই
নতুন নতুন ধর্মের পত্তন হয়েছে।


***************
হাদ গাদয়া"র চক্র


একটি ছোট ছাগল ছানা,
একটি ছোট ছাগল ছানা

এর পর এলেন সবচেয়ে পাক যিনি
সকল প্রশংসা যার, আজরাইলকে তিনি
আঘাত করলেন, যে প্রাণ নিয়েছিলো তার
হত্যাকারী যে ষাঁড়টিকে মেরে ফেলেছিল আর
এই ষাঁড় যে জল খেয়ে করেছে নিঃশেষ
যে জল আগুনকে ফুরায়েছে বেশ
যে আগুন পুড়িয়েছে সেই লাঠিখানা
কুকুরকে পিটিয়েছে লাঠি তা জানো না!
সারমেয় দিয়েছিল বিড়ালে কামড়
এ বিড়াল খেয়েছিল ছোট্ট ছাগলছানা
এই ছাগল কিনেছিল বাবা
হাঁট থেকে লেগেছিল কড়ি দু আনা।

একটি ছোট ছাগল ছানা,
একটি ছোট ছাগল ছানা


পরিত্যাক্ত থিয়েটারে / মাহমুদ দারবিশ



বৈরুতের পরিত্যাক্ত থিয়েটারে
আমারও একটা আসন আছে
কখনো ভুলে যাই,
আবার চট করে শেষ অংকটা মনে পড়ে ...
এর কারণ একটাই
গোটা নাটকটাই লেখা হয়েছে দুর্বল হাতে...

সমগ্রটাই বিশৃঙ্খলা

যুদ্ধদিনের হতাশার মতো
দর্শকের প্রৈতিজাত এক
আত্মজীবনী। কুশীলবরা
সকলে চিত্রনাট্য ছিঁড়ে ফেলে
দর্শকের মধ্যে নাট্যকারের খোঁজ করছিল
আমরা যার যার আসনে বসে

পাশের শিল্পীকে আমি জিজ্ঞেস করলামঃ
তুমি না লিখে থাকলে অস্ত্র বের করো না, অপেক্ষা করো!
-না
সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি লিখেছ নাকি?
-না

আমরা বসে থাকলাম, মনে ভয়
বললাম, নিরপেক্ষ নায়কের ভূমিকায়
অবধারিত নিয়তি থেকে বাঁচা যেতে পারে
সে বলে, কোনও নায়ক দ্বিতীয় অংকে
সম্মানজনক মৃত্যুবরন করে না। বাকীটা
দেখতে চাই। হয়ত কোনো একটা অংক
একটু সংশোধন করে দেবো। হয়ত এই লৌহ বেড়ি
আমাদের ভাইদের যে দশা করেছে
তার কিছু হলেও লাঘব হবে।

আমি বললাম, তুমিই তাহলে লিখেছ?
সে উত্তর দিল, তুমি আর আমি
মুখোশধারী দুই নাট্যকার দুই দর্শক

আমি বললাম, না আমার কী আসে যায়?
আমি তো দর্শক শুধু

সে জানালো, খাদের কিনারায় কোন দর্শক নেই...
আর এখানে কেউই নিরপেক্ষ নয়
তোমাকে অবশ্যই নিজের জন্য চরিত্র নির্বাচন করতে হবে

বললাম, আমি শুরুটা হারিয়ে ফেলেছি, শুরুতে যেন কী ছিল?

Wednesday, February 05, 2025

এখানে রমণীগুলি নদীর মতন বা নিগ্রোর নদী কথন

মূলঃ ল্যাংস্টন হিউজেস
















তবে আমি এই নদীগুলোকে চিনি
পৃথিবীর মতন পুরাতন সব নদী
মানুষের শিরায় ধমনীতে বয়ে যাওয়া শোণিতধারার চেয়েও পুরাতন

নদীর মতন গভীর আত্মা বয়ে নিয়ে চলেছি

সেই তরুণ বেলায় ফোরাতের জলে নেমেছিলাম
তারপর কঙ্গোপাড়ের কুড়েতে দুদণ্ডে ঘুম এনে দিয়েছিলো
নীলের ভাটিতে গড়েছি পিরামিড,
শুনেছি মিসিসিপির গান, লিংকনের পদধ্বনি
নিউ অরলিয়েন্সের দিকে
তার পলিমাখা বুকে দেখেছি সোনালি সূর্যাস্ত

নদীরে চিনেছি আমি
পুরাতন, অন্ধকার নদী সব

আমার ভেতরটা নদীর গভীর খাতের মতন